বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে কুষ্টিয়ার রির্টার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো, ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ‘জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন ও গণভোটে যেন ভোটাররা নিরবচ্ছিন্ন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, ভোটের দিন জেলার সব কেন্দ্র এবং ভোটকেন্দ্র এলাকায় পর্যাপ্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে। এই প্রস্তুতির অংশ হিসেবে, জেলা পুলিশের পাশাপাশি র্যাব এবং আনসার-ও-ভলান্টিয়ার বাহিনী নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। জেলা প্রশাসক ভোটের দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য সবাইকে সহায়তার আহ্বান জানিয়েছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, নির্বাচনী এলাকা এবং জনসমাগম স্থলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নির্বাচনী এলাকাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। সন্ত্রাস, বিশৃঙ্খলা ও প্ররোচনা প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। মোট ভোটকেন্দ্র ৫৯৯টিতে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ১২৫ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। পরে দিনব্যাপী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।
