ভোটের ফলাফল না নিয়ে বাসায় ফিরবেন না: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভোটের ফলাফল না নিয়ে বাসায় ফিরবেন না: বাচ্চু মোল্লা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তিন নম্বর ফিলিপ নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সারাদিন ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী গণসংযোগের শেষ দিন তিনি বেশকিছু পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ভাঙ্গন কবলিত চরাঞ্চল এলাকার নিঃস্ব অসহায় মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তিনি বলেন, নদী ভাঙ্গনের কবলে পড়ে হাজার হাজার বিঘা জমি ও বাড়িঘর নদীর মাঝে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে জমি জায়গা নদীর বুকে চলে যাওয়ায় অনেকে নিঃস্ব হয়ে গেছেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন  এই ইউনিয়নের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সেই সাথে এই ইউনিয়নে সরকারী যাবতীয় সাহায্য সহযোগিতা বেশি বেশি দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করবেন। ফলাফল নিয়ে বাসায় ফিরবেন না। ভোট নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে একটি চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সচেতন থাকতে হবে। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লস্কর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফফান আলি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।