কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো যদুবয়রা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় যদুবয়রা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল আরোহী ক্রীড়া সংঘ ও এস এইচ সুপার কিংস ক্রিকেট একাদশ। নির্ধারিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এস এইচ সুপার কিংস ক্রিকেট একাদশ। দলটি নির্ধারিত ১৫ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে ১৫৭ রান সংগ্রহ করে এবং আরোহী ক্রীড়া সংঘকে জয়ের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে আরোহী ক্রীড়া সংঘ শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দেয়। দর্শকদের উত্তেজনার মধ্য দিয়ে ১৪ ওভার ৫ বলেই নাটকীয়ভাবে লক্ষ্যে পৌঁছে যায় দলটি এবং রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা, যা ফাইনাল ম্যাচকে আরও স্মরণীয় করে তোলে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যদুবয়রা ডি এম ক্লাবের সভাপতি আব্দুল জলিল কিশোরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ রেজাউল হক রুনু এবং ডি এম ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু।
এছাড়াও টুর্নামেন্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন ও প্রবাসী মোঃ নাজমুল হাসান সহ আরও অনেক ক্রীড়ানুরাগী ও সংগঠক। অতিথিরা বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে। টুর্নামেন্ট শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আরোহী ক্রীড়া সংঘের জুয়েল রানা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরোহী ক্রীড়া সংঘের তাসদিরুল আলম অশ্রু। সর্বোচ্চ উইকেট শিকারি হন আসাদ হোসেন। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন এস এইচ সুপার কিংসের নয়ন আহমেদ। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সাকিব হাসান ও তারেক কাজী। সফল আয়োজন ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রশংসা করেন খেলোয়াড় ও দর্শকরা। এ ধরনের ক্রীড়া আয়োজন যদুবয়রা এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
