কুমারখালীতে নারী ভোটারদের সঙ্গে মহিলা দলের নির্বাচনী মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নারী ভোটারদের সঙ্গে মহিলা দলের নির্বাচনী মতবিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

ঢাকা অফিস ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে তৃণমূল পর্যায়ের নারী ভোটারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী সমাজকে ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জাতীয়তাবাদী মহিলা দল এ মতবিনিময় সভার আয়োজন করে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে রাখা হয়েছিল। আর বর্তমানে আরেকটি উগ্রবাদী অপশক্তি ক্ষমতায় যেতে নারীদেরকে নানা প্রলোভন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বহু তাজা প্রাণ, রক্ত, ঘাম ও নারীদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশকে কোন ক্রমেই আমরা উগ্র অপশক্তির কবলমুক্ত করবোই। এ জন্য আমাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প নেই। সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে অবস্থান নেওয়া।

বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি নারীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন এবং উপজেলা মহিলা দলের নেত্রী সাজেদা পারভীন প্রমুখ।