এবারের নির্বাচন জনগণের ভোটের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এবারের নির্বাচন জনগণের ভোটের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তার নির্বাচনী এলাকায় পথসভা করছেন। এর অংশ হিসেবে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী। এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গোস্বামীদুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ হোসেন ও সাধারণ সম্পাদক নুর উদ্দীনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণ ভোট দিতে পারে নাই, এবারের নির্বাচন জনগণের ভোটের নির্বাচন। তাই সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির বার্তা জনগণের কাছে পৌছে দিবেন। ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষে রায় দিবে এবং ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। বিগত ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে সর্বচ্চ ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে, সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের নির্যাতনের মধ্যে দিয়েও যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দল থেকে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে আমি তথা ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।