বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার চাঁদাগাড়া মাঠের ঈদগাহের সামনের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, চাঁদাগাড়া মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত আব্দুল্লাহ গ্লাস হাউজের গোডাউনে সংঘবদ্ধ চোরচক্র হানা দেয়। দুর্বৃত্তরা গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক তার, কেবলসহ পোল থেকে মিটার পর্যন্ত সংযোগ তার চুরি করে নিয়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়াও চোরচক্রটি একই প্রতিষ্ঠানের অফিস কক্ষের তালা ও দরজা ভেঙে ফেলে। এতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়রাসহ পৌর গোরস্তানের দায়িত্বে থাকা বিপ্লব জানান, রাতের বেলায় পর্যাপ্ত টহল ও নজরদারির অভাবে এ ধরনের অপরাধ ক্রমেই বাড়ছে। এরআগে গোরস্থানের প্রাচীরের লোহার গ্রীল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ এলাকায় আরও বড় ধরনের অপরাধের আশঙ্কা রয়েছে।
