পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। বর্তমানে এই কারাগারে প্রায় এক হাজার জন বন্দি রয়েছেন। তার মধ্যে ৬০ জন ভোট দিচ্ছেন। জেলা কারাগার সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ৬০ জন সাজাপ্রাপ্ত আসামি ইতিমধ্যে নিবন্ধন করেছেন। অন্যরা নিবন্ধন করেননি।

এজন্য ৬০ জন ভোটের সুযোগ পাচ্ছেন। কুষ্টিয়ার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা কারাগারে থাকা ৬০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা সবাই সাজাপ্রাপ্ত আসামি। এই কারাগারে ধারণক্ষমতা ৬০০ থাকলেও বর্তমানে প্রায় এক হাজার বন্দি রয়েছেন।’ এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রয়েছেন আট জন। তারা হলেন- বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দীন, জাতীয় পার্টির (জেপি) মো. শাহারিয়ার জামিল, গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর, বিএনপির রাগীব রউফ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নূর উদ্দীন আহমেদ।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আখন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) মুস. রুমপা খাতুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম ও বিএনপির মো. জাকির হোসেন সরকার। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) তরুণ কুমার ঘোষ এবং বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলায় হালনাগাদকৃত মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ২৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে ৩ লাখ ৯৯হাজার ৮৪৩, কুষ্টিয়া-২ আসনে ৪ লাখ ৭২ হাজার ৭২৭, কুষ্টিয়া-৩ আসনে ৪ লাখ ৩৫ হাজার ৩৬০ এবং কুষ্টিয়া-৪ আসনে ৪ লাখ ১৯ হাজার ৪০৪ জন ভোটার রয়েছেন।