এমন কিছু করবেন না যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এমন কিছু করবেন না যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের দেয়া নির্বাচনী আচরণবিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে। এমন কিছু করবেন না যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। গতকাল সোমবার ( ১২ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি  আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নিজ বাড়ির সামনে উপজেলার চিলমারী, রামকৃষ্ণপুর, প্রাগপুর, আদাবাড়িয়া ও মথুরাপুর ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন, আদাবড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ,

যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ পাঁচ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে প্রধান অতিথি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, দেশের জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচন, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে নির্বাচনী আচরণবিধি দিয়ে থাকেন অতএব প্রত্যেক প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা সহ প্রার্থিতা বাতিল করতে পারেন। অতএব আপনারা এমন কোন কিছু করবেন না যাতে করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়।

তফসিলে যেহেতু বলা হয়েছে ২১তারিখে প্রতিক বরাদ্দের পর ২২ তারিখ থেকে নির্বাচনে প্রচারণা করা যাবে সেহেতু আমরা ২২ তারিখের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেব না । দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষিত চীপ এজেন্ট মোঃ সানাউল্লাহ হক সেন্টু তাঁর প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা উপস্থিত নেতৃবৃন্দের মাঝে শেয়ার করেন। আগামী ২২ তারিখের পর থেকে প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী প্রচারণা কমিটি  গঠনের নির্দেশ দিয়ে জনাব রেজা আহাম্মেদ কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।