বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিএনপির এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সন্মানিত অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিকু ও আলমগীর হোসেন প্রমূখ। এতে ১৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “জনগণের অধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং থাকবে। ঐক্যই আমাদের শক্তি-এই ঐক্যের মাধ্যমেই বিজয় নিশ্চিত করতে হবে। এদিকে কুতুব উদ্দিন আহমেদ বলেন, আজকের এই মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির শক্তি আপনাদের মতো তৃণমূলের পরীক্ষিত, নির্যাতিত, সংগ্রামী নেতাকর্মীরা। আপনারাই আন্দোলনের মূল চালিকাশক্তি, আপনারাই দলের প্রকৃত সম্পদ। তিনি আরো বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন জনগণের সাথে থাকতে হবে, জনগণের কথা বলতে হবে। আর বিএনপির নবাগত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন, বিএনপি হবে তৃণমূলনির্ভর, ত্যাগীদের মূল্যায়নকারী একটি গণতান্ত্রিক দল। আজকের এই মতবিনিময় সভা সেই দর্শনেরই প্রতিফলন
। সে লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু হলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, গত ১৭টি বছর আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। মামলা, গ্রেফতার, হয়রানি, হুমকির সম্মুখীন হলেও আপনারা দল ছেড়ে যাননি, মাথা নত করেননি। এই ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। বিএনপি জনগণের দল। তৃণমূলকে উপেক্ষা করে কোনো রাজনীতি টেকসই হতে পারে না।
তাই আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে ধানের শীষের বিজয় হলে আপনাদের সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
