দৌলতপুর পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলের চৌদ্দহাজার মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।এতে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের আবাদি জমি নষ্ট করে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও বালুখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বিগত দুই সপ্তাহ ধরে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিতভাবে এই অবৈধ কর্মকাণ্ডের সংবাদ প্রকাশিত হলেও এবং কুষ্টিয়া জেলা প্রশাসনসহ দৌলতপুর উপজেলা প্রশাসনকে বারবার তথ্য প্রদান করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এদিকে, পাশ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলায় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে বালুখেকো চক্র নিষ্ক্রিয় হলেও দৌলতপুর উপজেলায় প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নের সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) কিছুদিন আগে পদ্মা নদী সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারদের কাছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত বার্তা প্রেরণ করে।তবে ওই নির্দেশনার পরও মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

ফিলিপনগর–মরিচা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বেড়েছে এবং কৃষিজমি ধ্বংস হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন,দ্রুত ব্যবস্থা না নিলে পদ্মার চরাঞ্চলের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।