কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরতলির হাজী শরিয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে দলটির জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মহসীন।

এছাড়া সভায় শহর আমির এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও গৌরবের দিন। দিনটি শুধু স্মৃতি নয়, বরং স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে আরও শক্ত ও সুদৃঢ় করার অনুপ্রেরণা। শহীদ বুদ্ধিজীবীরা তাদের জ্ঞান, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। তারা বিশ্বাস করতেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকের দিনে তাদের সেই আদর্শ আমাদের রাজনৈতিক অঙ্গনকে আরও দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী করে তুলতে পারে।

তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মানে শুধু অতীতকে শ্রদ্ধা জানানো নয়; বরং তাদের দেখানো পথে হাঁটার অঙ্গীকার করা। বিভেদ নয়, ঐক্য; হিংসা নয়, সহনশীলতা; অন্যায় নয়, ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হোক এই দিবসের মূল শিক্ষা। বক্তারা বলেন, আসুন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি তাদের আদর্শকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর