নিজ সংবাদ ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রচারণা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. লাবন্য কুমার সরকার, সহকারী অধ্যাপক শাহরিয়ার হোসেন, মোছা. তাহেরা খাতুন, প্রভাষক মো. সোহান সিদ্দিকী প্রমূখ। স্বাগত বক্তব্যে ড. লাবন্য কুমার সরকার বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে ধারনা থাকলে সাধারণ নাগরিকদের তথ্যপ্রাপ্তি অনেক বেশি সহজতর হবে।
এই আইন যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রাখবে। বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশনটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. রায়হানুল ইসলাম। ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইনের বৈশ্বিক চিত্র, সার্কভুক্ত দেশসমূহের চিত্র, তথ্য অধিকারের আইনগত ভিত্তি, তথ্য প্রাপ্তির আবেদন পত্র, আপীল আবেদন প্রক্রিয়া প্রভৃতি উপস্থাপন করা হয়। এছাড়াও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) সদস্যবৃন্দের পরিচালনায় ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা কর্মসূচীতে অংশগ্রহন করেন।
