যথাযোগ্য মর্যাদায় ভেড়ামারা মুক্ত দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যথাযোগ্য মর্যাদায় ভেড়ামারা মুক্ত দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৯, ২০২৫

 

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে ভেড়ামারা মুক্ত দিবস পালিত হয়। মুক্ত দিবস উপলক্ষে ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার ভেড়ামারাকে শত্রু মুক্ত করে। ওইদিন ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের নেতৃত্বে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলমের নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়ে ভোর ৭টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় ৭ ঘণ্টা ব্যাপী সেই যুদ্ধে ৮ জন পাক সেনা নিহত হয়। যুদ্ধের পর পরই মুক্তিযোদ্ধাদের গুলিতে প্রায় ৫০/৬০ জন বিহারী নিহত হন। এই ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারায় অবস্থানরত পাকবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দের মনোবল ভেঙে যায়। তারা সন্ধ্যার আগেই ভেড়ামারা থেকে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পালিয়ে যায়।