কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আজ কুমারখালী হানাদার মুক্ত দিবস

কুমারখালী প্রতিনিধি ॥ আজ ৯ ডিসেম্বর। কুষ্টিয়ার কুমারখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়; ওড়ে স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সুত্রে জানা গেছে, দীর্ঘ ৯ মাসে উপজেলার ধলনগর, করিমপুর, প্রতাপপুর, কুসলীবাসা, বিল বরইচারা, ডাঁসা, ঘাসখাল, বংশীতলা, নন্দনালপুরের হাতিসাঁকো রেললাইন, কুমারখালী শহরে যুদ্ধ হয়। এতে গেজেটভুক্ত ১৪ বীর মুক্তিযোদ্ধা এবং শত শত নারী-পুরুষ শহিদ হন।

নিহত হয় কয়েকশ পাকিস্তানি সৈন্য। ৭ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে কুণ্ডুপাড়া রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন। সে সময় রাজাকারদের সঙ্গে তাঁদের তুমুল যুদ্ধ হয়। এ যুদ্ধের খবর পেয়ে কুষ্টিয়া থেকে পাকিস্তানি সেনারা কুমারখালী শহরে প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে ব্রাশ ফায়ারের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে হামলা করতে পৃথক পৃথক এলাকায় অবস্থান নেন। ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহরের চারপাশ থেকে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প (বর্তমান কুমারখালী উপজেলা পরিষদ) আক্রমণ করেন।

দীর্ঘ সময় যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী পিছু হটতে শুরু করে। একপর্যায়ে তারা পালিয়ে ট্রেনযোগে কুষ্টিয়ার দিকে রওনা দেয়। ট্রেনটি চাড়াইকোল হাতিসাঁকো এলাকায় পৌঁছানো মাত্রই মুক্তিযোদ্ধারা ট্রেনটি লাইনচ্যুত করে দেয়। তারা গুলি ছুড়তে ছুড়তে হেঁটে কুষ্টিয়া অভিমুখে পালিয়ে যায়। এ সব তথ্য নিশ্চিত করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন জানান, দিবসটি উপলক্ষ্যে কুমারখালীতে প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রা, গণকবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানান আয়োজন হয়ে থাকে। তবে এ বছর বিবিধ কারণে সন্ধায় পাবলিক লাইব্রেরিতে শুধুমাত্র আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর