খোকসা প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে ব্যাপক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোডাউনটি শুরু হয়। প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গণমিছিলটি খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। সমাবেশে প্রার্থী আফজাল হোসেন বলেন, তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে বেকার ভাতা চালুর পাশাপাশি নারীদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে।
শিক্ষাজীবন শেষ করার সঙ্গে সঙ্গেই দক্ষ ও শিক্ষিত যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভোটকে কেন্দ্র করে অপপ্রচার ও ভয়ভীতির বিষয়ে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক নেতা ভোটকেন্দ্রে গেলে হাত ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “হাত সবারই আছে; আমাদের কর্মীরাও চুপ করে বসে থাকবে না। প্রয়োজন হলে যথাযথ প্রতিক্রিয়া দেখানো হবে। প্রয়োজনে ৫ আগস্টের মতো পরিস্থিতি আবারও মোকাবিলা করা হবে।” সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম।
