মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ৩০ নভেম্বর, গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ও আজ ৪ ডিসেম্বর তিন দিনব্যাপী আংশিক কর্মবিরতি চলবে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব, ফার্মাসি ও ডেন্টালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতিতে অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি মানা না হলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রসেনজিৎ কুমার বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), বলেন, দীর্ঘদিন ধরে পেশাগত বৈষম্যের শিকার হচ্ছি। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় আমাদের ক্ষোভ বাড়ছে। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
কর্মসূচিতে আরও অংশ নেন এ কে ফজলুল হক কাশেম (রেডিওলজি), মনিরুল ইসলাম (ফার্মাসিস্ট), স্বপন কুমার সরকার (ডেন্টাল), ফারুক আহমেদ (ল্যাব), রাকিব হাসান (ফার্মাসিস্ট), সুব্রত (ল্যাব) এবং পারভেজ হাসান (ফিজিওথেরাপিস্ট)। কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ল্যাব পরীক্ষায় বিলম্ব, ওষুধ সরবরাহে ব্যাঘাত এবং ডেন্টাল সেবায় ধীরগতি লক্ষ্য করা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং দ্রুত সমাধানের আশা করছেন।
