দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে অংশগ্রহণকারীরা পরিবর্তনের বিভিন্ন স্লোগান তোলেন এবং দৌলতপুরের জনগণের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মশাল মিছিলে দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই হাইকম্যান্ডের প্রতি অনুরোধ, দৌলতপুরে গণজরিপ করে মনোনয়ন প্রদান করা হোক।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে শরিফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। তারা বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায় এবং শরিফ উদ্দিন জুয়েলকে এমপি হিসেবে দেখতে চায়। তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেই এ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে এর আগেও কয়েক দফায় মানববন্ধন ও গণ সমাবেশ করা হয়েছে। গণসমাবেশ ও মশাল মিছিলে দৌলতপুরের বিভিন্ন শ্রেণি পেশার শত শত নেতাকর্মী অংশ নেন।
