দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইমন (২২) নামে এক যুবক। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যারাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িত ইমনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকুরি করেন।

তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে আসছিল। এ নিয়ে পরিবারের অশান্তি লেগেই ছিল। এ ঘটনা নিয়ে মাসখানেক আগে বখাটে ইমন তার মাকেও মারপিট বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ১৮ নভেম্বর বাবা ও মা সোনাইকুন্ডি গ্রামের নিজ বাড়িতে ফিরে আসলে ইমন পুনরায় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তাদেরকে চাপ প্রয়াগ করে। তারা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাতে ইমন নিজ বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে জানায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা হামলকারী ইমনকে আটক করে থানা হেফাজতে নেয়। ইমনের বাবা হাসেম আলী জানান, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। ইন্টারমিডিয়েট থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এনিয়ে পরিবারে চরম অশান্তি রয়েছে। মোটরসাইকেল কিনে দিতে না পারায় বৃহস্পতিবার বাড়িতে ইমন বোমা হামলা চালায়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।