বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২ নভেম্বর) সকাল দশটায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক পারভীন আখতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রণব কুমার সরকার, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মোঃ তানভীর হোসেন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ। এসময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান। উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে তৈরি হয় এক অনন্য উচ্ছ্বাস।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে সম্পৃক্ত করা যায়। প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, বর্তমানে মাদকদ্রব্যের প্রভাব আমাদের সমাজে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই আমাদের সকলের উচিত মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থান নেওয়া। যদি কোনো পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে সেই বিষয়টি গোপন না রেখে তাকে অবিলম্বে কোনো অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যান। যদি কেউ চেরা প্রশাসনের সাথে যোগাযোগ করে। জেলা প্রশাসন মাদকাসক্ত ব্যক্তির পরিচয় গোপন রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা করবে।
মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি। তরুণ প্রজন্মকে এই সর্বনাশা আসক্তি থেকে রক্ষা করতেই বছরব্যাপী যে “তারুণ্যের উৎসব” চলছে, তারই অংশ এই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট। আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা মাদকের কুফল সম্পর্কে আরও সচেতন হবে এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আরও বলেন, আজকের এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়, প্রতিটি দর্শক মাদকবিরোধী বার্তা নিজেদের মধ্যে ছড়িয়ে দেবে, পরিবারে, সমাজে, ও বন্ধুদের মাঝে।
মাদককে “না” বলাই হবে আমাদের জীবনের জয়গান। তিনি আরো বলেন, মাদক নামের এই ভয়াবহ বিষ আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আর খেলাধুলা হচ্ছে সেই আলোর পথ, যা যুবসমাজকে শৃঙ্খলা, অধ্যবসায় ও ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যায়।খেলাধুলা মানুষকে যেমন শারীরিকভাবে সুস্থ রাখে, তেমনি মানসিকভাবে দৃঢ় করে তোলে। মাঠে খেলার মাধ্যমে শিখি পরিশ্রম, দলীয় চেতনা, নেতৃত্ব ও আত্মনিয়ন্ত্রণ, যা মাদক থেকে দূরে রাখার সবচেয়ে বড় শক্তি। উদ্বোধনী ম্যাচে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ, নানা বয়সের মানুষ উপভোগ করেন উদ্বোধনী খেলা। খেলার আগে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি চলবে মাসব্যাপী। ফাইনাল খেলায় বিজয়ী দলকে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন প্রচারাভিযানও পরিচালনা করা হবে। বক্তারা আশা প্রকাশ করেন, এমন ইতিবাচক আয়োজনের মাধ্যমে কুষ্টিয়া জেলা একটি মাদকমুক্ত ও ক্রীড়াপ্রেমী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
