নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় দুনীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুস সাত্তারকে (৬৫) তিন বছর এবং সার্ভেয়ার আব্দুল মজিদকে (৫১) ৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত) এর বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আব্দুস সাত্তার বরগুনা সদর উপজেলার সিংড়াবাড়ী এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে। আব্দুল মজিদ মেহেরপুর পৌর এলাকার মৃত ইছাহক আলীর ছেলে আব্দুল মজিদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মজিদ সরকারি কর্মচারী হওয়ার সুযোগ নিয়ে ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত প্রদানের কবুলিয়ত রেজিষ্ট্রশনের কাজ প্রতারণা করে জাল জালিয়াতির মাধ্যমে ১৮টি দলিল সম্পাদন করেন। এ ঘটনায় মেহেরপুর উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারী কাম হিসাব রক্ষক (বর্তমানে মৃত) বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করেন। যার মামলা নম্বর-২৪, তারিখ ২৫/০৭/২০১১ খ্রি.। পরে এ মামলায় তদন্ত শুরু করে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল। তার বদলিজনিত কারণে পরবর্তীতে মামলাটি তদন্ত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফ্ফার। তদন্ত শেষে ২০১৭ সালের ১০ জুলাই ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭৭(ক)/২১৭/১০৯ ধারায় আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারকার্য শেষে গতকাল মঙ্গলবার মামলায় রায়ের দিন ধার্য করেন আদালত। কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু জানান, দুদকের মামলায় মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুস সাত্তারকে ৩ বছরের কারাদন্ড এবং সার্ভেয়ার আব্দুল মজিদকে ৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই জনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন বিচারক।
