নিজ সংবাদ ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৩ জন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা আজ থেকে প্রচারনায় নেমে পড়েন। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
