কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় খাদ্য কর্মকর্তার মায়ের নামে রাইস মিল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় খাদ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মায়ের নামে দুটি পুষ্টি রাইস মিল প্রতিষ্ঠা এবং সরকারি পুষ্টি চাল মিশ্রণ  ও সরবরাহ কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে, সেই সাথে প্রশ্ন উঠেছে একই মালিকের নামে দুইটি পুষ্টি মিল কিভাবে গড়ে ওঠে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বর্তমানে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, এস এম সাইফুল ইসলাম। তাঁর মা পারভীন আক্তারের নামে কুষ্টিয়ার খাজানগরে ‘শাপলা-১’ এবং কুমারখালী উপজেলায় ‘শাপলা-২’ নামে দুটি পুষ্টি রাইস মিল পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এসব মিল পরিচালনার দায়িত্ব তাঁর ভাগ্নে রফিক সরকারের হাতে রয়েছে বলে জানা গেছে। 

 

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে এসব মিল প্রতিষ্ঠা করা হয়েছে। 

তথ্যমতে ২০১৬ সালে কুষ্টিয়ার খাজানগরে ‘শাপলা-১’ এবং ২০২২ সালে কুমারখালীতে ‘শাপলা-২’ নামে দ্বিতীয় পুষ্টি রাইস মিল প্রতিষ্ঠা করা হয়। 

 

পুষ্টি চাল মিশ্রণের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চালের সঙ্গে নির্ধারিত অনুপাতে পুষ্টি উপাদান মেশানোর কথা। কিন্তু শাপলা রাইস মিলগুলোতে এ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সুবিধাভোগীরা। 

 

অভিযোগ রয়েছে, নির্ধারিত অনুপাতের পরিবর্তে কখনো ১৫০ থেকে ২০০ পিস চালের বিপরীতে মাত্র ১০ থেকে ১২ পিস পুষ্টি উপাদান মেশানো হচ্ছে। যেখানে ৯০ পিচ চালের বিপরীতে ১০ পিচ পুষ্টি উপাদান মেশানোর নির্দেশনা রয়েছে। এতে উৎপাদিত পুষ্টি চালের গুণগত মান ও পুষ্টিমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

এ ছাড়া খাদ্যগুদাম থেকে  বিনির্দেশ সম্মত চাল উত্তোলন করে তা কালো বাজারে বিক্রি এবং পরবর্তী সময়ে বাজার থেকে নিম্নমানের চাল কিনে পুষ্টি উপাদান মিশিয়ে ভোক্তা পর্যায়ে সরবরাহ করার অভিযোগও রয়েছে। পাশাপাশি পুষ্টি চালের বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ উঠেছে।

 

সরকারি নিয়ম অনুযায়ী প্রতি টন পুষ্টি উপাদান মিশ্রণের জন্য মিল মালিককে ২ হাজার ১৯২ টাকা করে দেওয়া হয় বলে জানা গেছে। ফলে পুষ্টি মিশ্রণের অনুপাত, চালের গুণগত মান, ওজন এবং সরকারি অর্থের ব্যবহার—সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে।

 

মিল দুটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এস এম সাইফুল ইসলামের ভাগ্নে রফিক সরকার বলে জানা গেছে। স্থানীয়ভাবে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা এবং আওয়ামী লীগ আমলে দলীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে রফিক সরকারের ছবি ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তার ছোট ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

 

এ ছাড়াও জুলাই হত্যা চেষ্টা মামলায় রফিক সরকার সাত নম্বর আসামি বলেও জানা গেছে। 

আওয়ামী সরকার আমলে  বিভিন্ন মিল মালিকের কাছ থেকে চাল কিনে ক্ষমতার প্রভাব দেখিয়ে সেসব মিল মালিকদের টাকা এখন পর্যন্ত পরিশোধ করেননি রফিক সরকার। 

 

অন্যদিকে, অল্প কয়েক বছরের ব্যবধানে রফিক সরকারের বিপুল সম্পদ অর্জনের অভিযোগও সামনে এসেছে। তাঁর ও তাঁর স্ত্রীর নামে দুটি ব্যক্তিগত গাড়ি—একটি এলিয়ন ও অন্যটি প্রিমিও—রয়েছে। এ ছাড়া দুটি বড় ট্রাক, কুষ্টিয়ার বিআরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে প্রায় ১৫ কাঠা জমি, ঢাকা ও কুষ্টিয়ায় ফ্ল্যাট, আলিশান বাড়ি এবং ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর থাকার কথাও জানা গেছে।

 

কুষ্টিয়া জেলায় ‘নামিরা’ নামের আরেকটি পুষ্টি রাইস মিল থাকলেও সেটি কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিলটির নামে বরাদ্দ বা কাজ না থাকার বিষয়টিও স্থানীয়ভাবে প্রশ্নের জন্ম দিয়েছে।

 

অভিযোগকারীদের দাবি, খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার মায়ের নামে দুটি মিল থাকায় বরাদ্দের ক্ষেত্রে শাপলা-১ ও শাপলা-২ মিল অগ্রাধিকার পাচ্ছে এবং অন্য মিল কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

 

অভিযোগের বিষয়ে জানতে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, এস এম সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিল দুটি তাঁর মায়ের নামে থাকলেও ক্ষমতা পত্র দেওয়া রয়েছে রফিকের নামে। তাঁর মায়ের ব্যবসায়িক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

 

মিল পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমার জানা নেই।

 

খাদ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে নিজের মায়ের নামে খাদ্য বিভাগের আওতাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণের নীতিগত বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁদের পরিবার ১৯৯৮ সাল থেকেই এ ব্যবসার সঙ্গে জড়িত।

 

২০১৬ সালে চাকরিরত অবস্থায় মায়ের নামে শাপলা-১ এবং ২০২২ সালে শাপলা-২ প্রতিষ্ঠার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো ব্যাখ্যা না দিয়ে জানান, কুমারখালীর শাপলা-২ মিলের জমি শরিকানা এবং সেখানে অন্য ব্যক্তিরও অংশ রয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন তখন তো কেউ লাইসেন্স নিতে চাইতো না আমাদের জোর করে লাইসেন্স দেওয়া হয়েছে। জোর করে কেন এবং কে লাইসেন্স দিয়েছে এ প্রসঙ্গে প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। 

 

একপর্যায়ে তিনি জানান, রফিক সরকারকে দেওয়া পাওয়ার অব অ্যাটর্নি এক দিনের মধ্যে বাতিল করা হবে। তবে মিলের সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করার পরও কীভাবে তিনি ওই ক্ষমতা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

 

একপর্যায়ে তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান এবং রফিক সরকার এই প্রতিবেদকের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধান করবেন বলেও উল্লেখ করেন।

 

এ বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজির রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই দুটি মিলের লাইসেন্স রয়েছে পারভীন আক্তারের নামে। মিলদুটি আমি আসার আগে প্রতিষ্ঠিত হয়েছে। তখন কীভাবে গড়ে উঠেছে, সেটা তো আমি বলতে পারব না। আমার সময়ে হলে বিষয়টি সম্পর্কে উত্তর দিতে পারতাম। খাদ্য কর্মকর্তার মায়ের নামে লাইসেন্স পাওয়ার নীতিমালা সম্পর্কেও তিনি উত্তর দেননি। 

 

পুষ্টি মিশ্রণে অনিয়ম, গুদাম থেকে ভালো মানের চাল নিয়ে বাজারে বিক্রি করে নিম্নমানের চাল দিয়ে পুষ্টি চাল মিশ্রণ এবং বস্তায় ওজন কম দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁদের কাছে অভিযোগ এসেছে।

 

তিনি আরও বলেন, অনিয়মের বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন। পুষ্টি মিশ্রণ ও চাল সরবরাহের সময় খাদ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জানতে খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মুহাম্মদ শফিউল আলমের মঠোফোনে যোগাযোগ করে করা হয়, খাদ্য বিভাগের কর্মকর্তার পরিবার বা মায়ের নামে পুষ্টি মিলের লাইসেন্স নেওয়ার বিধান আছে কিনা নীতিমালা কি বলে, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন এ বিষয় আমার মনে নেই, নীতিমালা মুখস্ত নেই দেখতে হবে। তিনি বলেন এ বিষয়ে জানতে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিভাগের সাথে যোগাযোগ করেন। 

 

এ বিষয়ে খাদ্য বিভাগের  মহাপরিচালক, মুঃ জসীম উদ্দিন খানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল রিসিভ করেননি। 

 

একজন কর্মরত খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবারের সদস্যের নামে একই জেলার দুটি পুষ্টি রাইস মিল পরিচালিত হওয়া, মিলগুলোর বরাদ্দপ্রাপ্তি এবং মিশ্রণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ—সব মিলিয়ে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর