কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আগুনে পুড়ল ২০ লাখ টাকার মালামাল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক স্বাস্থ্যকর্মীর বাড়ির প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বাড়িতে রাখা নগদ দেড় লাখ টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে উপজেলা স্বাস্থ্যকর্মী আনোয়ারা খাতুনের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

 

ওই বাড়িতে আনোয়ারা খাতুন, তাঁর দেবর নজরুল ইসলাম, নাসির উদ্দীন ও সৈনিক জিয়াউর রহমানের পরিবার বসবাস করত। তাঁদের ব্যবহৃত নয়টি পাকা ও টিনের ঘরের মধ্যে আগুনে দুটি ফ্রিজ, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ধান, গম, ভুট্টা, দামি খাট, সুপা, আসবাবপত্র, পোশাক, কাঁথা-কম্বলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

 

পরিবারের দাবি, নাসির উদ্দীনের সুকেসে রাখা গরু বিক্রির এক লাখ টাকা এবং আনোয়ারা খাতুনের ৫০ হাজার টাকা আগুনের ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। ঘরের চাল, খাবার ও পরিধেয় পোশাক হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় বাসিন্দারা সাময়িকভাবে খাবার ও পোশাক দিয়ে সহযোগিতা করলেও বসবাসের ঘর না থাকায় পরিবারগুলো চরম সংকটে রয়েছে।

 

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে সরকারি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর