কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সভা বন্ধের অভিযোগ আমির হামজার, ভিন্ন বক্তব্য আয়োজক কমিটির

ঢাকা অফিস ॥ ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে তাফসীরুল কোরআন মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য  আমির হামজা। শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুরে একটি ইসলামী সভায় তিনি এ কথা বলেন।

 

ওই সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিরুদ্ধে এমপি আমির হামজা বলেন, শনিবার রাতে মাহফিল ছিল। বিকেলে বন্ধ করে দিয়েছেন তিনি।

 

তিনি জানান, আমাকে আসতে দেওয়া যাবে না। এদিক-সেদিক যা আছে সব ফাঁস করে দেবেন। ফাঁস আমিই করব। সংসদে সব বলে দেব, নাম ধরে বলব। এই ময়মনসিংহের প্রতিমন্ত্রী ইকবাল সাহেব শনিবার প্রশাসনকে দিয়ে ইসলামি সভা বন্ধ করে দিয়েছে, প্রশাসনের কোনো দোষ নেই।

 

এদিকে আমির হামজার দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের নির্বাচনি এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

এর মধ্যে রোববার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলন করে গৌরীপুরের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটি জানিয়েছে, আমির হামজার মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতার কোনো সম্পৃক্ততা নেই।

 

মাহফিল আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ মো. সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলটি গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। মাহফিলের পরবর্তী তারিখ সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে, বলে পূর্বে এক লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

তিনি বলেন, ‘স্থগিতের বিষয়টি ২ নভেম্বরই প্রধান আলোচক আমির হামজা এমপির ব্যক্তিগত সহকারীকে মোবাইলে জানানো হয়েছিল। তারপরও এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এটি শুধু ওয়াজ মাহফিল নয়, এ প্রতিষ্ঠানের ১০-১২ হাজার সাবেক শিক্ষার্থীর মিলনমেলা ছিল। তাদের অসুবিধা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। সম্পূর্ণরূপে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।’

 

অপরদিকে, আমির হামজার দেওয়া বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল।

 

তিনি বলেন, একটি স্পর্শকাতর বিষয় নিয়ে  আমির হামজা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন এটি সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। মাহফিল বন্ধে ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন বা বিএনপির নেতাদের কোনো যোগসূত্র নেই। বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

এছাড়াও আমির হামজার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে বিক্ষোভ করেছে জাসাস।

 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বলেন, ‘মাহফিল বন্ধের বিষয়ে আমাদের কিংবা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই। মূলত আয়োজক কমিটিই তাদের সিদ্ধান্তে মাহফিলটি স্থগিত করেছে।’

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর