বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
আজ রাত আনুমানিক ১টার সময় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকে গ্রেফতার করে ইবি থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়। অতি দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হবে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তার মাকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে তাঁদের বাড়িতে কাউকে দেখা যায়নি বলে দাবি প্রতিবেশীদের। এদিকে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার পর শহরে কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় জাকিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ কারণে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় প্রবেশপথে দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে কালো শার্ট পরা এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জাকিয়ার মা সুমি আক্তারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ থাকলেও সোমবার তাঁর মেয়ের ওপর হামলা চালানো হয়। সুমি আক্তারের দাবি, হত্যার উদ্দেশ্যেই ইমন ছুরি দিয়ে আঘাত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জানা গেছে, কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পেছনে কী কারণ ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সোমবার রাত ১০টার দিকে পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনে গিয়ে ইমনদের বাসায় কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, ঘটনার পর থেকে ইমন ও তাঁর মাকে এলাকায় দেখা যাচ্ছে না।
প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তাঁর পরিবার পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেন এলাকায় বসবাস শুরু করে। ইমনের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। বড় ভাই আকাশও নেদারল্যান্ডসে বসবাস করেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।
প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গে তাঁর মেলামেশাও ছিল সীমিত। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তাঁর নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা।
প্রতিবেশী মিঠুন আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইমনের বাবা ও বড় ভাইকে চিনি। তাঁরা প্রবাসে থাকেন। ছেলেটাকেও মোটামুটি চিনি। তবে তাকে খুব একটা এলাকায় ঘোরাফেরা করতে দেখিনি। কারও সঙ্গে তেমন মেলামেশাও ছিল না। যে ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো অস্ত্রের আঘাতে জাকিয়ার হাতে দুটিসহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি গভীর জখম রয়েছে। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। ক্ষতস্থানগুলোতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত এবং তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেনও জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলের ভবনের একাধিক সিসিটিভি ফুটেজে ছুরিকাঘাতকারী কিশোরকে শনাক্ত করে গতাকে গ্রেপ্তার করা হয়। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর শহরে কিশোর অপরাধবিরোধী অভিযান শুরু হয়েছে। সোমবার ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় দীর্ঘদিনের উত্ত্যক্তের অভিযোগ, শিক্ষার্থীর নিরাপত্তা এবং কিশোর অপরাধের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। দিনের বেলায় আবাসিক এলাকায় নিজ বাসার সামনে একজন শিক্ষার্থীর ওপর এমন হামলায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।









