বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ও পণ্য মেলা উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পণ্য মেলায় জেলার বিভিন্ন এলাকার ১৫টি সমবায় সমিতি অংশ নেয়। এর মধ্যে ছিল কুষ্টিয়া সদর আশ্রয়ন সমবায় সমিতি। অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা ও সনদ বিতরণ করা হয়। এ সময় জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার কাছ থেকে কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্পের পক্ষে গাছের চারা গ্রহণ করেন প্রকল্পের সভাপতি ও কুষ্টিয়া পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শমসের আলী। দিনব্যাপী এ আয়োজনে সমবায় সমিতিগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সমবায় কার্যক্রম ও উৎপাদিত পণ্যের পরিচিতি তুলে ধরা হয়।
কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্পের সভাপতি শমসের আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণের উদ্যোগটি প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন সিটি গ্রীন সিটি গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন। এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়াকে সবুজায়ন পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমরা সকলে মিলেমিশে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।









