বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থায়নে বিভিন্ন অর্থবছরের ১৭টি উন্নয়ন প্রকল্পে মোট ১২ লাখ ৯৫ হাজার ১৮৭ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (১ নভেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে প্রকল্পগুলোর বিপরীতে চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, যেকোনো দেশের সামগ্রিক অগ্রগতির মূল চাবিকাঠি হলো তৃণমূল পর্যায়ের উন্নয়ন। এসব প্রকল্পের মূল লক্ষ্য মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন।
তিনি বলেন, জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছে। আজকের এই আর্থিক সহায়তা ও চেক বিতরণ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
প্রশাসক আরও বলেন, সবাই আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে একযোগে কাজ করলে দেশ ও সমাজ আরও এগিয়ে যাবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









