মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের একদল নেতা-কর্মীর মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম আরেফিনের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের কারও কারও মুখে মাস্ক ছিল। তাঁদের হাতে ছিল জ্বলন্ত মশাল। রাতের অন্ধকারে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। এর মধ্যে ‘মিথ্যা মামলার অবৈধ রায় মানি না’ স্লোগানও শোনা যায়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কুষ্টিয়ার ছয় হত্যা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে এ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোস্যাল মিডিয়া সূত্রে পাওয়ায় মিছিলের স্থান, সময় এবং এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মিরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাকন বলেন, ৩০ অক্টোবর রাতে তাঁরা মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন। তবে এ ধরনের মিছিলের কোনো সত্যতা তাঁরা পাননি। কামরুজ্জামান কাকন আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এক বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল করার ভিডিও দেখেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মোজাক্কির রহমান রাব্বি আরো বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে সংঘটিত অন্যায়ের জবাব জনগণ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে। একসময় তাঁরা ঘরে থাকতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, তাঁরা চান প্রশাসন নির্বিঘ্নে দায়িত্ব পালন করুক এবং যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।









