সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর স্কুলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কয়া এক্সপ্রেস ফুটবল একাদশকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মালিগ্রাম মিতালী যুব সংঘ।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় কমলাপুর স্কুলপাড়ার একটি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিন রায়হান জসিম।
ফাইনালে শক্তিশালী দুই দল মালিগ্রাম মিতালী যুব সংঘ ও কয়া এক্সপ্রেস ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। পরে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে কয়া এক্সপ্রেসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মালিগ্রাম মিতালী যুব সংঘ।
খেলাকে কেন্দ্র করে কমলাপুর স্কুলপাড়া মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের কয়েকটি গ্রাম থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন। দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি মাঠের আশপাশে বসে বিভিন্ন রকমারি দোকান, যা খেলাকে ঘিরে বাড়তি উৎসবের আমেজ সৃষ্টি করে।
খেলা শেষে প্রধান অতিথি রবিন রায়হান জসিম বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন সুন্দর আয়োজনের জন্য কমলাপুর স্কুলপাড়া যুব সমাজের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং যেকোনো বিপদ-আপদে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মালিগ্রাম মিতালী যুব সংঘকে ট্রফির পাশাপাশি ১২ হাজার টাকা প্রাইজমানি এবং রানারআপ কয়া এক্সপ্রেস ফুটবল একাদশকে ট্রফির সঙ্গে ৮ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হাসেম আলী, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।









