কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ২৮-৩০ বছর। দুই থেকে তিন আগের মরদেহ বলে ধারণা করছে পুলিশ।
সরেজমিন দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে গড়াই নদীর ওপর কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় একটি রেলসেতু রয়েছে। সেতুর নিচে পানিতে ভাসছে একটি অর্ধগলিত ও বিবস্ত্র মরদেহ। পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ করছে।
এ সময় স্থানীয় বাসিন্দা শাহিন শেখ জানান, বিকেল ৪টার দিকে একজন নদীতে মাছ ধরতে এসে মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ২৮ – ৩০ বছর বয়সি এক যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ নদীতে পাওয়া গেছে। তবে পরিচয় জানা যায়নি। নদীতে হওয়ায় আইনী কার্যক্রম নৌপুলিশ করবেন। নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে আরও একটি মরদেহ পাওয়া গেছে। সেখানে উদ্ধার কাজ শেষে কুমারখালীতে যাওয়া হবে।









