কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের মজমপুর ও আশপাশের এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু। তিনি নিজ হাতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

 

এর আগে (বিকেলে), কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে একই লিফলেট বিতরণ করা হয়।

 

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে প্রচারিত বিভিন্ন তথ্যের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা।

 

স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ে একটি মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই প্রকৃত তথ্য জনগণের কাছে তুলে ধরতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

 

লিফলেটে দেশের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে। বিশেষ করে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দূর করতে সরকারের নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক এতে উল্লেখ করা হয়েছে বলে জানান নেতারা।

 

লিফলেট বিতরণকালে কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর