কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৭১টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান ও টিউবওয়েল বিতরণ 

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলার ৭১টি মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা পরিষদ। একই সঙ্গে বিভিন্ন স্থানে সুবিধাভোগীদের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে চেক এবং সুবিধাভোগীদের মধ্যে টিউবওয়েল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আব্দুল হাই সিদ্দিকী।

 

এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করছে। এর পাশাপাশি কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হচ্ছে।

 

এদিকে জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২০২৭ অর্থবছরে বরাদ্দের আওতায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ৭১টি মন্দিরে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে মানুষের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর