কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে হবে: ডিসি তৌহিদ বিন হাসান 

রঞ্জুউর রহমান ॥ ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি পালন করা হয়।

 

কর্মসূচির শুরুতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো দুর্যোগে আত্মরক্ষার কৌশল এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতা, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং নিরাপদে মানুষকে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান বলেন, গত কয়েক দিনে নেপালসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। এসব দুর্যোগ মোকাবিলায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—উভয় ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

 

তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতন করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রশাসক আরও বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিতভাবে প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াদুদ হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম।

 

এ ছাড়া অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর