নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরে ৩৩ পিস ইয়াবা, ৪৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১ হাজার ৯৩০ টাকাসহ মোঃ মাইশ (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে এসআরবি কুষ্টিয়া। গ্রেপ্তারকৃত মাইশ কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ রিপন এবং মাতার নাম মাহফুজা বেগম।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়া পূর্ণ বাবুর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি কুষ্টিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মাইশকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জব্দ করা অর্থ মাদক বিক্রির বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী দল।
এসআরবি সূত্রে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









