কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগের গুরুত্বকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। গতকাল রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহা: রুহুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। 

 

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল অর্জন নয়, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে জাগ্রত করতে হবে। শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সুলতান মারুফ তালহা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবমুখী জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর