কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লালন তিরোধান দিবস ঘিরে মাদকবিরোধী অভিযানে কুষ্টিয়া পুলিশ

কুমারখালী প্রতিনিধি ॥ বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মেলা চত্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।

 

গতকাল রোববার (১১ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি ও মেলা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

 

কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, তিরোধান দিবসের অনুষ্ঠান ও মেলা ঘিরে গাঁজাসহ কোনো ধরনের মাদকদ্রব্যের সেবন এবং ক্রয়-বিক্রয় প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যাগপত্র তল্লাশি করা হয়।

 

জানা গেছে, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিন দিনব্যাপী লালন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লালনের ১৩৬তম তিরোধান দিবসের অনুষ্ঠান।

 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালন ভক্ত ও লালন দর্শন চর্চার অনুসারীরা যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার। কুমারখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যও অভিযানে অংশ নেন। এ সময় এসআরবি ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান ও মেলাকে ঘিরে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর