খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় রাতের আঁধারে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার ও টিজি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ইন্টারনেট সেবাদাতারা।
সোমবার দিবাগত আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে খোকসা উপজেলার রাজিনাথপুর-কাদিরপুর-শোমসপুর সড়কের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার ব্রডব্যান্ড ইন্টারনেটের তার ও টিজি কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় ইন্টারনেট সেবাদাতাদের দাবি, ওই বৈদ্যুতিক খুঁটি থেকেই কয়েকটি প্রতিষ্ঠানের ব্রডব্যান্ড ইন্টারনেটের তার ও টিজি চুরি করা হয়েছে।
ফজলুর নেটওয়ার্কের এক টেকনিশিয়ান জানান, খোকসার বিভিন্ন এলাকায় এর আগেও ইন্টারনেটের তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের চুরির ঘটনায় একদিকে গ্রাহকদের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।
তিনি আরও জানান, তার চুরির ঘটনায় প্রায় পাঁচটি গ্রামের মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় সংযোগ চালু করতে এক থেকে দুই দিন সময় লাগতে পারে। চুরি হওয়া চারটি প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১ থেকে ২ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
পল্লী নেটওয়ার্কের মালিক মাহবুব মিশন বলেন, ‘মাঝেমধ্যেই এ ধরনের চুরির ঘটনা ঘটে। আমাদের চারটি প্রতিষ্ঠানের তার ও ওটিজি দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা ও সংশ্লিষ্ট ইন্টারনেট সেবাদাতারা দ্রুত চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।









