কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা ও ভাদালিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আটকরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার মো. রাসেল (২৫), একই এলাকার মো. চান্নু শেখ (২৪) এবং ভাদালিয়া এলাকার মো. সাকিব হোসেন (২৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম। তাঁর আদালতেই আটক তিনজনকে পৃথকভাবে এ সাজা দেওয়া হয়। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।









