বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত অথচ সরকারি গেজেট ও এমআইএস-এ অন্তর্ভুক্ত হতে বঞ্চিত জুলাই যোদ্ধাদের দ্রুত তালিকাভুক্তকরণ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে বহু শিক্ষার্থী ও সাধারণ নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো অনেক প্রকৃত আহত জুলাই যোদ্ধা সরকারি গেজেট বা এমআইএস-এর আওতায় আসতে পারেননি। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে তারা সুচিকিৎসা এবং প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের আর্থিকভাবে চরম দুর্দশার মধ্যে ফেলেছে।
সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মারুফ তালহা, সাংগঠনিক সম্পাদক স্ট্যালিন, জুলাইযোদ্ধা রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, এনসিপি নেত্রী নাসরিন প্রমুখ। বক্তারা অবিলম্বে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আহত জুলাই যোদ্ধাদের শনাক্ত করে তাদের এমআইএস ও গেজেটভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়ের নিকট তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।









