কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে এডুকেশন হাবের উদ্যোগে মোটিভেশনাল সেমিনার

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, স্বপ্ন বাস্তবায়নে সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস বাড়াতে এডুকেশন হাব কোচিং সেন্টারের উদ্যোগে মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাটিকাবাড়ীর কৃতী সন্তান ও খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব আলী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিয়মিত অধ্যবসায় করতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিকূলতা মোকাবিলা করে নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ সময় বিশেষ আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদ, জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আরিফা সেতু এবং সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির। আলোচকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মাহফুজুর রহমান জ্যাকি। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের স্বপ্ন দেখতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এডুকেশন হাবের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “ভবিষ্যতের নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের শিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপ”—এই প্রত্যাশায় এডুকেশন হাবের পথচলা অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর