কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাজিলা বাজারে জলাবদ্ধতা নিরসনে ইটের সলিং কাজের উদ্বোধন

আজাদ সানি ॥ দীর্ঘদিনের বৃষ্টিজনিত জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাজিলা পুরাতন কাঁচা বাজারে ইটের সলিং ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। বাজারের পানি নিষ্কাশন ও চলাচলের পরিবেশ স্বাভাবিক করতে স্থানীয় গাজী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এ কাজ শুরু করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় বাজার এলাকায় কাদামাটি ও জলাবদ্ধতার সৃষ্টি হতো। বিশেষ করে সপ্তাহের দুই হাটের দিনে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

বাজারের ভেতর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ত। এ দুর্ভোগ লাঘবে গাজী পরিবারের উদ্যোগে বাজারের জমে থাকা মাটি সরানো, চলাচলের পথ উঁচু করা, ইটের সলিং করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার কাজ শুরু হয়েছে। গাজী পরিবারের সদস্যদের পরিকল্পনা ও অর্থায়নে সলিং রাস্তার কাজের পাশাপাশি শ্রমিকরা মাটি সরানোসহ বিভিন্ন সংস্কারকাজে অংশ নিচ্ছেন। স্থানীয় সুবিধাভোগীরা এ উদ্যোগের জন্য সিরাজুল ইসলাম (মুংলা গাজী), গাজী রকিব আহাম্মেদ বনি, গাজী মাজহারুল ইসলাম রনি ও গাজী আব্দুল্লাহ আল-মামুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সিরাজুল ইসলাম (মুংলা গাজী) মাজিলা গ্রামের সন্তান, গ্রামপ্রধান এবং মাজিলা পশ্চিমপাড়া মডেল মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। গাজী রকিব আহাম্মেদ বনি বর্তমানে ইতালিপ্রবাসী ও সমাজসেবক।

গাজী মাজহারুল ইসলাম রনি একজন ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অপরদিকে গাজী আব্দুল্লাহ আল-মামুন বর্তমানে ডেনমার্কপ্রবাসী ও সমাজসেবক। সংস্কারকাজের উদ্বোধনকালে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম (মুংলা গাজী) বলেন, “মাজিলা পুরাতন কাঁচা বাজারটি দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে থাকায় সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে হাটের দিনগুলোতে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। মানুষের দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে বাজারটির জলাবদ্ধতা নিরসনে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইটের সলিংসহ পর্যায়ক্রমে মাটি সরিয়ে চলাচলের পথ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে ৮ নম্বর ওয়ার্ডকে সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।” গাজী মাজহারুল ইসলাম রনি বলেন, “বাজারটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। হাটের দিনগুলোতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কষ্টের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের পানি নিষ্কাশন ও চলাচলের পরিবেশ স্বাভাবিক করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।” এ সময় মাজিলা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ক্বারী মশিউর রহমান, রড সিমেন্ট ব্যবসায়ী গাজী আতিয়ার রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা গেলে শুধু হাটের দিন নয়, প্রতিদিনই সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর