কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল চলাকালে গড়াই নদীর তীরের ইকোপার্কে আড্ডা দেওয়ার সময় সাত শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার পৌরসভা কার্যালয় থেকে সরাসরি গড়াই ইকোপার্কে যান।
সেখানে গিয়ে তিনি স্কুলের পোশাক পরা কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেন। এ সময় কুমারখালীর মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং আলাউদ্দিন আহমেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীসহ মোট সাতজনকে তিনি জিজ্ঞাসাবাদ করেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী সেখান থেকে কৌশলে সরে যায়। স্কুল চলাকালে স্কুলের পোশাক পরে পার্কে আসার কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।
পরে ইউএনও তাদের নিজ নিজ স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের ক্লাস চলাকালে পার্কে না আসতে সতর্ক করেন। ইউএনও ফারজানা আখতার বলেন, ‘অতর্কিতভাবে গড়াই ইকোপার্কে গিয়ে দেখি, স্কুল চলাকালে কয়েকজন শিক্ষার্থী সেখানে আড্ডা দিচ্ছে। তাদের স্কুল চলাকালে পার্কে না আসার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানানো হবে।’
উল্লেখ্য, কুমারখালী পৌর এলাকার গড়াই নদীর তীরে শহর রক্ষা বাঁধের ওপর উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে গড়াই ইকোপার্ক। পার্কটির সৌন্দর্য বাড়াতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। দর্শনার্থীদের বসার জন্য ছাতা ও বেঞ্চসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থাও করেছে উপজেলা প্রশাসন ও পৌর পরিষদ। স্থানীয়দের প্রত্যাশা, ইকোপার্কটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনোদনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হবে; তবে বিদ্যালয়ের পাঠদানের সময় শিক্ষার্থীদের সেখানে অবস্থান ঠেকাতে নিয়মিত নজরদারি প্রয়োজন।









