মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মিঠুন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) মিরপুর থানাধীন বারুইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আজমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিঠুন মল্লিককে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, মিঠুন মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মিরপুর থানায় পূর্বে ৯টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মিঠুন মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে মিরপুর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









