সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ সেপ্টেম্বর খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ মাঠে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হ্যান্ডবল, দাবা, সাঁতার ও কাবাডি—এই চারটি ইভেন্টে বালক ও বালিকা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ বিন মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতায় হ্যান্ডবল (বালিকা) বিভাগে খোকসা শোমসপুর বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবল (বালক) বিভাগে খোকসা ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এছাড়া কাবাডি (বালিকা) বিভাগে খোকসা শোমসপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবা, সাঁতার, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোকসা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিলন হোসেন, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খোকসা-শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ বিন মনসুর বলেন, “লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা শোমসপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাহারুল ইসলাম।









