দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর গ্রামের ঐতিহ্যবাহী ‘মাষ্টার ভিটার’ বৈঠকখানায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠা, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরা হয়।এ উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। অনুষ্ঠানটি ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা ও দৌলতপুর উপজেলা যুবদল সদস্য আব্দুস সবুরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাষ্টার ভিটা পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক ও সামাজিক মিলনমেলায়। এ সময় উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন ও পূর্ব ফিলিপনগর গ্রামের ছাত্রদল, যুবদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ। আলোচনা পর্বে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
দীর্ঘ এই পথচলায় দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।বক্তারা আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতা করা এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাও রাজনৈতিক কর্মীদের দায়িত্ব।
সেই লক্ষ্য সামনে রেখে ফিলিপনগর ইউনিয়ন ও পূর্ব ফিলিপনগরের মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দেশের শান্তি,সমৃদ্ধি,গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, মাষ্টার ভিটার মতো সামাজিকভাবে ঐতিহ্যবাহী স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্যকে আরও দৃঢ় করার একটি সামাজিক উদ্যোগ। অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিলিপনগর ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় প্রকাশ পায়।









