বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর এলাকায় দিনে দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে এক ভ্যানচালকের ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী ভ্যানচালকের নাম বিটু।
তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার জোড়াদহ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী বিটু জানান, জোড়াদহ বাজার থেকে একজন ব্যক্তি তার ভ্যান ভাড়া নেন। হরিণাকুন্ডু এলাকায় সোফা সেট পৌঁছে দেওয়ার জন্য ভাড়া ৫০০ টাকা দাবি করলে ওই ব্যক্তি ৪০০ টাকায় যেতে রাজি হন। পরে তাকে নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা দেন তিনি। বিটু বলেন, “মধুপুর স্ট্যান্ড পার হওয়ার পর হঠাৎ ওই ব্যক্তি অস্ত্র বের করে আমাকে ভয় দেখান। জীবননাশের হুমকি দিয়ে আমার ভ্যানটি কেড়ে নিয়ে চলে যান।”
ঘটনার পর বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দুপুরের ব্যস্ত সময়ে মহাসড়কের ওপর এমন ঘটনায় স্থানীয় ভ্যানচালক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে ভ্যানটি উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশীদ বলেন অস্ত্র দেখিয়ে ভ্যান ছিনতাইয়ের বিষয়টি সঠিক নয়।









