কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নবগঙ্গা নদীতে কচুরিপানা পরিষ্কার অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ নদী ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে কুষ্টিয়ার নবগঙ্গা নদীতে কচুরিপানা পরিষ্কার অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কুষ্টিয়া। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন এর নেতৃত্বে সকাল ৯টার সময় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা নৌকা এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ করেন। এ সময় নদীর পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোকিত কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আলমগীর হোসেন জানান, নদী রক্ষায় সংগঠনটির এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

নদীকে দূষণ ও দখলমুক্ত রাখতে স্থানীয় জনগণসহ পরিবেশবাদী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন। তিনি বলেন, এবিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ ও অন্যান্যদের অবগত করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন যে নদী রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আলমগীর হোসেন আরো বলেন, নদী রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তাই নবগঙ্গা নদীকে পরিষ্কার ও দখল-দূষণমুক্ত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। তবে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, নদী দখল, দূষণ ও কচুরিপানার বিস্তারের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও জলাশয় রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে নদীর কচুরিপানা ও আবর্জনা অপসারণ করা হলে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে এবং নদীর পরিবেশও সুন্দর হবে। এতে করে জেলেরা মাছ ধরার সুযোগ পেলে দেশী মাছের চাহিদা পূরন হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর