কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিরুদ্ধে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়।

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৬ রাস্তার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে ‘জামায়াত-শিবিরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘জ্বালরে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে শনিবার (১৫ আগস্ট) কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। মশাল মিছিলে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সদর উপজেলা সভাপতি রয়েল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুফান ও সাংগঠনিক সম্পাদক রুমন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন গণঅধিকার পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শনিবারের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলায় একজনের পায়ে গুরুতর জখম হয়েছে। এছাড়া আরেকজনের নাকের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি কপাল ফেটে গেছে বলেও দাবি করেন তারা। এ ছাড়া গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেন সংগঠনটির নেতারা।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর