কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার আগে সেমিনার কার্ডের জন্য ৩০০ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না—বিভাগের এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, পরীক্ষার প্রবেশ পত্র নেওয়ার পূবেই সেমিনার কার্ডের জন্য ৩০০/- (তিনশত) টাকা ৮৮৭৮ নম্বর হিসাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় প্রবেশপত্র দেওয়া হবে না। উল্লেখ্য, বিভাগের শৃঙ্খলার রক্ষার সার্থে বিষয়টি অতি জরুরি। বিভাগের এ নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগের সেমিনার লাইব্রেরিতে প্রবেশের জন্য ৩০০ টাকায় ‘সেমিনার কার্ড’ নামক বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক? কার্ড না করলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে থ্রেট।

যেখানে সেন্ট্রাল লাইব্রেরির কার্ড করতে লাগে ১০০ টাকা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করবে।” তিনি আরো বলেন, “সেমিনার লাইব্রেরি কার্ড কোনো অর্থ আদায়ের হাতিয়ার হতে পারে না। শিক্ষার অধিকার কোনো শর্তের কাছে জিম্মি হতে পারে না। যে সেমিনার লাইব্রেরি নিয়ে শিক্ষকরা গর্ব করেন, সেই ব্যবস্থাপনার ব্যয়ভার শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে প্রবেশপত্র আটকে দেওয়ার হুমকি দেওয়া খুবই দুঃখজনক।”

আরেক শিক্ষার্থী লেখেন, “প্রতি বছরই ফর্ম পূরণের আগে বিভাগ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের নিত্যনতুন বাহানা বের করে। এতদিন চলেছে বিভাগীয় জার্নাল, যেটা শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও ৩০০ টাকা দিয়ে নিতে বাধ্য করা হয়। আবার না নিলে ফর্ম পূরণ হবে না। এবার এলো অদ্ভুত নিয়ম, বিভাগীয় সেমিনার কার্ডের জন্য লাগবে বাধ্যতামূলক ৩০০ টাকা। অথচ সেন্ট্রাল লাইব্রেরিতে কার্ড করতে লাগে ১০০ টাকা।” তিনি আরো লেখেন, “বিভাগের উন্নয়নের জন্য যদি টাকা লাগে, সবাই মিলে বিভাগের উন্নয়নের জন্য দেব।

কিন্তু সেমিনার কার্ডের জন্য বাধ্যতামূলক ৩০০ টাকা এবং তা না দিলে পরীক্ষার প্রবেশপত্র না দেওয়ার হুমকি এই সংস্কৃতি আমরা মানতে বাধ্য নই।” “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসহায়ত্বের একটি নমুনা হলো নিচের এই নোটিশ। সিদ্ধান্ত যেমনই হোক না কেন, আপনি কেবল মেনে নেওয়ার জন্যই এখানে এসেছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কার্ড করতে প্রয়োজন হয় ১০০ টাকা (আবার কার্ড বাধ্যতামূলকও না), সেখানে বিভাগের সেমিনার লাইব্রেরিতে কার্ড করতে হবে ৩০০ টাকা দিয়ে এবং এই ৩০০ টাকা আপনার পরীক্ষার প্রবেশপত্র জিম্মি করে আদায় করা হবে”, এমন মন্তব্যও করতে দেখা গেছে।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর রহমান বলেন, “এটি একাডেমিক সিদ্ধান্ত। সেমিনার মেইনটেন্যান্সের জন্য আমাদের কিছু খরচ লাগে। এতদিন ধরে এই খরচ তারা দেয়নি। হয়তো এই বিষয়গুলো অন্য চেয়ারম্যান খেয়াল করেনি। আমরা এখন বিভাগকে অন্যভাবে চালাতে চাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণেই এই টাকাটা নেওয়া হচ্ছে। অন্যথায়, সেমিনার লাইব্রেরি বন্ধ হয়ে যাবে।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর