খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই আগস্ট ২০২৬, ১:৪৬ এএম

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী,
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হারুন অর রশিদ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান প্রমূখ। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন। এ বিষয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ বা সমস্যা সামনে এলে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। আর ফ্যামিলি কার্ড নিয়ে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, জেলায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে কোনো চ্যালেঞ্জই আমাদের জন্য বড় হয়ে দাঁড়াবে না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণ তথা সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারি।
জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে অপরাধী ও অপরাধের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন মামলার আসামিরা যদি গ্রেফতার এড়িয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তিনি বলেন, জেলার বিদ্যুতের ট্রান্সফরমার চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যেন আইনের প্রয়োগের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, ট্রান্সফরমার চুরি কিংবা অন্য যেকোনো অপরাধের পেছনে যদি সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট থাকে, তাহলে শুধু বিচ্ছিন্নভাবে অপরাধী গ্রেফতার নয়, এই সিন্ডিকেটের মূল হোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি। পরে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে নিয়মিত মনিটরিং করা হবে। প্রয়োজনে প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা কমিটির সাথে সার্বিক বিষয়ে আলোচনা করা হবে। কুষ্টিয়া জেলার পরিবেশ ভালো রাখতে প্রশাসন সর্বচ্চ কাজ করবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য